প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সাম্প্রতিক মন্তব্যের জন্য বিবিসি বাংলার কাছে ক্ষমা চেয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বক্তব্য সংশোধন করতে চান।
শফিকুল আলম বলেন, “আমি বিবিসি বাংলার সংবাদ নিয়ে কিছু মন্তব্য করেছিলাম, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। বিশেষ করে, আমি বলেছিলাম যে বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করছে। এই বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সংশোধন করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি বুঝতে পেরেছি যে বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে। যদিও কিছু প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার ঘাটতি দেখেছি, তবে সামগ্রিকভাবে তারা বাংলাদেশের ঘটনাবলী তুলে ধরতে সচেষ্ট।”
প্রেস সচিব উল্লেখ করেন, “নতুন বাংলাদেশের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় না পেয়ে নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের দায়িত্ব, যা দেশের অগ্রগতির জন্য অপরিহার্য।”

মন্তব্য করুন