স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ডেভিল যতদিন শেষ না হবে, ততদিন পর্যন্ত অপারেশন অব্যাহত থাকবে।’
আজ রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, শিগগিরই বাকিদেরও গ্রেপ্তার করা হবে। পাশাপাশি, যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাজীপুরে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত নেয়। এরপর গতকাল শনিবার রাত থেকেই যৌথ বাহিনী সাড়াশি অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়।
এদিকে, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, পুলিশের পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যাদের অপরাধ সম্পর্কে দেশবাসী অবগত রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য করুন