দেশের নিম্নআয়ের মানুষের জন্য সরকারি খাদ্য সহায়তা আরও জোরদার করা হচ্ছে। আগামী মার্চ ও এপ্রিল মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া, ঈদ উৎসব উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপহার হিসেবে এক কোটি দরিদ্র পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের সব জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “দেশে খাদ্যশস্যের কোনো সংকট নেই, মজুদ পর্যাপ্ত। তবে বিতরণ প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতার কিছু ঘাটতি রয়েছে।” তিনি রমজান মাসে নিম্নআয়ের মানুষের মধ্যে চাল বিতরণ কার্যক্রম কঠোরভাবে তদারকির জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। এছাড়া, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। “সরকারের সুলভ ও বিনামূল্যের খাদ্যশস্য যেন সঠিক উপকারভোগীদের কাছে সঠিক পরিমাণে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য,” বলেন আলী ইমাম।

সভায় জেলা প্রশাসকরা স্থানীয় পর্যায়ে খাদ্য বিতরণে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকিগুলো দ্রুত নিরসনের প্রতিশ্রুতি দেন।

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, “আমাদের দায়িত্ব হলো সঠিক সময়ে, সঠিক মানুষের কাছে, সঠিক পরিমাণে চাল পৌঁছে দেওয়া। এখানে কোনো ত্রুটি মেনে নেওয়া হবে না।” তিনি এ কাজে জেলা প্রশাসকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এই উদ্যোগের মাধ্যমে সরকার খাদ্য নিরাপত্তা জোরদার ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

Facebook Comments Box