বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের প্রতি আগ্রহ দেখিয়েছে চীন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই ইচ্ছা প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের বিষয়ে গভীর আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও বন্ধুপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, “দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।” তিনি কৃষি, পরিবহন, কৃষি-যন্ত্রপাতি ও স্বাস্থ্যসেবা খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানোর জন্য বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধি এবং শুল্ক হ্রাসের প্রস্তাব দেন তিনি।
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে ট্রাক উৎপাদন কারখানা স্থাপন এবং কৃষির আধুনিকীকরণে চীনের বিনিয়োগ উভয় দেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে।”
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশি ইলিশের প্রতি চীনের আগ্রহের কথা জানিয়ে বলেন, “চীনে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। এটি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে পারে।” তিনি প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, আম, কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানি এবং এসব খাতে বিনিয়োগ বাড়ানোর ইচ্ছাও ব্যক্ত করেন। তিনি আরও জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খানও উপস্থিত ছিলেন। এই আলোচনা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন