জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়ার সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে শান্তিরক্ষায় বাংলাদেশের বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রশিক্ষণ, নারী পুলিশ প্লাটুন, বিজিবি ও আনসার সদস্য অন্তর্ভুক্তি এবং দক্ষিণ সুদান ও সেন্ট্রাল আফ্রিকায় ফরমড পুলিশ ইউনিট (FPU) মোতায়েনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা জানান, বাংলাদেশ পুনরায় শান্তিরক্ষা মিশনে শীর্ষ অবস্থানে ফিরতে চায় এবং জাতিসংঘের সহযোগিতা কামনা করে। এ সময় জাতিসংঘও শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এবং শীর্ষ পদে বাংলাদেশি অফিসারদের অংশগ্রহণ বাড়ানোর আশ্বাস দেয়। রোহিঙ্গা প্রত্যাবাসনেও জাতিসংঘের কার্যকর পদক্ষেপ কামনা করেন উপদেষ্টা।

মন্তব্য করুন