ঢাকা | ২ মে ২০২৫:
শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হৃদরোগ বিশেষজ্ঞ ও বিকল্প চিকিৎসক ডা. মুজিবুর রহমানের নতুন বই “ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র” এর মোড়ক উন্মোচন এবং স্বাস্থ্যবিষয়ক একটি সেমিনার।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. রহমান বলেন, “আজকের দ্রুতগতির জীবনে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”
তিনি জানান, দীর্ঘ গবেষণা ও চিকিৎসা অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ও কৌশলসমূহ এই বইতে সহজ ও বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে। সুষম পুষ্টি, উপযুক্ত ব্যায়াম, মানসিক চাপ ব্যবস্থাপনা এবং দেহের বিষমুক্তকরণ—এই চারটি মূলস্তম্ভকে ভিত্তি করে প্রাকৃতিক নিরাময় পদ্ধতির ওপর জোর দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন ডা. রহমান।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান হাউস অব হারমনি এবং সহযোগী প্রতিষ্ঠান ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টার-এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অভিভাবক ও স্বাস্থ্যসচেতন সাধারণ মানুষ।
লেখক পরিচিতি:
ডা. মুজিবুর রহমান একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট, যিনি বিকল্প ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে সমর্থন করে বহু বছর ধরে কাজ করছেন। তাঁর লক্ষ্য হলো ওষুধনির্ভরতা কমিয়ে মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করা।

মন্তব্য করুন