গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুই উপজেলায় মোট ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো ও রান্না করা খাবারের জন্য সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও খাবারের নিশ্চয়তায় আশ্রয়কেন্দ্রগুলোতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জরুরি তদারকির জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে কন্ট্রোল রুম (মোবাইল: 01818-444500, 01336-586693)।
ফেনী আবহাওয়া অফিস জানায়, বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে—২৪ ঘণ্টায় ৪৪১ মিলিমিটার। এর ফলে মুহুরী ও সিলোনিয়া নদীর অন্তত ১১টি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়ে ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

মন্তব্য করুন