‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে একমত নয় বিএনপি। দলটির মতে, পুরো ঘোষণাপত্র নয়, বরং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র গণ-অভ্যুত্থানের চেতনাকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যেতে পারে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপের ১১তম দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ঘোষণা একটি রাজনৈতিক দলিল—সংবিধানের মূলনীতি হওয়ার উপযোগী নয়। তিনি বলেন, ‘৭২ সালের সংবিধানেও স্বাধীনতার ঘোষণাপত্র মূলনীতিতে ছিল না, বরং চতুর্থ তফসিলে স্বীকৃতি পেয়েছিল।

বিচারপতি নিয়োগ বিষয়ে বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতির মধ্যে একজনকে নিয়োগের পক্ষে মত দিয়েছে—যদি তদন্তাধীন না থাকেন। জরুরি অবস্থার ক্ষেত্রেও ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দটি বাদ দিয়ে ‘সাংবিধানিক সংকট, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ’ যুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি। একইসঙ্গে প্রধানমন্ত্রী এককভাবে নয়, বরং পূর্ণ মন্ত্রিসভার অনুমোদনে জরুরি অবস্থা জারির মত দিয়েছে বিএনপি।

তত্ত্বাবধায়ক সরকারে বিচার বিভাগকে সম্পৃক্ত না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিএনপি। বিকল্প কিছু পদ্ধতির কথা বিবেচনা করছে তারা, যেখানে বিচারপতিরা কেবল চূড়ান্ত বিকল্প হিসেবে ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box