মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি বড় অংশ সরকারের দেওয়া আশ্বাস প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে উপদেষ্টাদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে এবং পুলিশের দিকে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুই উপদেষ্টা কলেজের ৫ নম্বর ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। আহত ও নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

তবে এসব আশ্বাসে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা অবরোধ বজায় রাখে। পুলিশ মোতায়েন করা হলেও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে আসেনি।

সকালে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শনের সময় শিক্ষার্থীরা আইন উপদেষ্টার গতিরোধ করার চেষ্টা করলেও পরে তিনি ভবনে প্রবেশ করেন। আন্দোলনকারীদের শান্ত করতে শিক্ষক-ছাত্র প্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box