হবিগঞ্জে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে উচ্ছেদ অভিযানের দায়ে তৎকালীন জেলা প্রশাসক আতাউর রহমানসহ ৪ জন কর্মকর্তাকে এক মাস করে সিভিল কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সিনিয়র সহকারী জজ তারেক আজিজ এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অপর কর্মকর্তারা হলেন—সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের তৎকালীন ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলম।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি চৌধুরী বাজার এলাকায় আব্দুল হামিদের জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়, যেখানে আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান ছিল। ২০০৮ সালের ১০ আগস্ট জমির মালিক আদালতে মামলা করেন। দীর্ঘ ১৭ বছর পর এ মামলার রায়ে আদালত তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দেন এবং জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিতে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেন।
উল্লেখ্য, আগামী ২১ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন