বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতা-কর্মী নিরাপত্তার খোঁজে কলকাতা ও আশপাশে আশ্রয় নিয়েছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায়, কলকাতার উপকণ্ঠের একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় গোপনে স্থাপন করা হয়েছে দলীয় অফিস, যেখানে নিয়মিত বৈঠক ও সাংগঠনিক আলোচনায় অংশ নিচ্ছেন পলাতক শীর্ষ নেতারা।

অফিসে কোনো সাইনবোর্ড, দলীয় প্রতীক বা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি রাখা হয়নি নিরাপত্তার কারণে। প্রায় ৩০-৩৫ জন সেখানে একসাথে বসতে পারেন, বড় বৈঠক হয় রেস্টুরেন্ট বা ব্যাংকয়েট হলে। সূত্র মতে, অন্তত ৭০ সাবেক এমপি, জেলা-উপজেলা পর্যায়ের সভাপতি-সম্পাদক ও প্রায় ২০০ শীর্ষ নেতা বর্তমানে কলকাতা ও আশপাশে অবস্থান করছেন।

ভারতের ভেতরে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় গোয়েন্দা সংস্থার জ্ঞাতসারে চলছে বলে ধারণা করা হলেও, এ বিষয়ে ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। নেতারা একে ‘কৌশলগত কেন্দ্র’ হিসেবে বিবেচনা করছেন এবং পরিস্থিতি অনুকূলে ফিরলে দেশে ফিরে সংগঠন পুনর্গঠনের আশাবাদ ব্যক্ত করছেন।

Facebook Comments Box