হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল পৌনে ৬টার দিকে একটি বাসে গ্যাস রিফিলের সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন বাসটিকে গ্রাস করে এবং পাশে থাকা ৯টি সিএনজিচালিত অটোরিকশাও পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন