নির্বাচন কমিশনে (ইসি) শুনানিকালে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির এক শীর্ষ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) দুপুরে সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানির সময়।
এনসিপির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন অভিযোগ করেন, রুমিন ফারহানার অনুসারীরা সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে প্রকাশ্যে আক্রমণ করেন। এনসিপি দাবি করছে, তাদের তিন নেতা—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ—আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, “তিনি আমাকে ধাক্কা দিয়েছেন, তাই আমার লোকজনও প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি তো একজন মহিলা। ধাক্কার জবাবে ধাক্কা আসাটাই স্বাভাবিক।” তিনি অভিযোগ করেন, এনসিপি নেতারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছিলেন।
অন্যদিকে এনসিপি নেতাদের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনারের সামনেই তাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। তারা বলেন, দাবি জানাতে আসায় তাদের পেটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসন নিয়ে শুনানির সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে হাতাহাতি শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।

মন্তব্য করুন