নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর-লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। সেখানে কর্মরত নার্স প্রিয়া অচেতন রোগীর সঙ্গে টিকটক ভিডিও তৈরি করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ আগস্ট, রাতে।
জানা গেছে, প্রিয়া লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের বাসিন্দা এবং নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি অপারেশন থিয়েটারে অজ্ঞান অবস্থায় থাকা এক রোগীর সঙ্গে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে আপলোড করেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালার লঙ্ঘন। এই ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়রা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “একজন রোগীর গোপনীয়তা এভাবে প্রকাশ করা অমানবিক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” অভিযুক্ত নার্স প্রিয়া তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন, এবং ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করেছেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, “এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। আমরা আইনি পদক্ষেপ নেব।”

মন্তব্য করুন