ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে একটি সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্সগ্লোরি-১ কোস্টার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা চালক-মাস্টারসহ সবাই উদ্ধার হয়েছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি।
কোস্টার জাহাজ এমভি রেক্সগ্লোরি-১ এর সুকানি মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ২৯ আগস্ট দিনে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরদিন ৩০ আগস্ট শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোর ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা এমভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এরপর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে। জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে মেঘনা নদীর তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন।
আজ সোমবার সকালে দেখা যায়, জাহাজটির চার ভাগের তিন ভাগ পুরোপুরি ডুবে গেছে। এখন শুধু মাস্টার ব্রিজ, চালকের রুম ও মাস্তুল দেখা যায়। জাহাজটি ডুবতে আরও ৪/৫ হাত বাকি আছে। সন্ধ্যার মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই জাহাজে মীর সিরামিকসের প্রায় ১৮শ’ টন কাঁচামাল রয়েছে।
জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন।
এ বিষয়ে ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ওসি শাহিন উদ্দিন (পিপিএম) সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডুবে যাওয়া জাহাজের স্টাফদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। তবে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোস্টার জাহাজের পক্ষ থেকে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।

মন্তব্য করুন