গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তারের কান্নাভেজা আবেদনের পর তাৎক্ষণিক সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক সাক্ষাতে তিনি নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
সাক্ষাতকালে নুরের শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মারিয়া। তিনি জানান, তার স্বামীর মস্তিষ্কে রক্তক্ষরণসহ নাকের হাড় ভাঙা, চোয়াল ও মেরুদণ্ডে মারাত্মক আঘাতের কারণে জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
“এই ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত। তার সম্পূর্ণ সুস্থতার জন্য আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছি,” বলেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে একক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হচ্ছে, যারা ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন।

মন্তব্য করুন