নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে বেসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজন শিশু। সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভাড়া বাসায় থাকা পরিবারটি রান্নার জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। ভবনের মালিক ফরিদ মিয়া জানান, বিস্ফোরণে ঘরের কিছু আসবাব ও কাপড় পুড়ে যায়, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে চেম্বার তৈরি হয়েছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি, ফলে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অবহেলার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box