টাঙ্গাইল শহরে শনিবার মধ্যরাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় দুর্বৃত্তদের হামলায় গাড়ি ও জানালা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আকুরটাকুর পাড়ায় অবস্থিত এই বাসভবনে রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জনের একটি মুখোশধারী দল হেলমেট পরে হামলা চালায়। এ সময় কাদের সিদ্দিকী বাসায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, হামলাকারীরা মই ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র ও পেট্রোল ব্যবহার করে দুটি গাড়ি ভাঙচুর করে। বাড়ির লোকজন চিৎকার শুরু করলে তারা ইট নিক্ষেপ করে জানালা ভেঙে পালিয়ে যায়। বাড়ির একজন কর্মচারী বলেন, “হঠাৎ মুখোশধারীদের আগমন ও ভাঙচুরে আমরা হতবাক। তারা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাও করেছিল।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কাদের সিদ্দিকী আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর।

Facebook Comments Box