ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৫ (নিজস্ব প্রতিবেদক) —
অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা এবং নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্যপরামর্শ সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু। উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, ফার্মাসিস্টরা শুধু ওষুধ সরবরাহকারী নন, বরং স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য অংশীদার। তারা রোগ প্রতিরোধ, সঠিক ওষুধ ব্যবহার এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের (FIP) এ বছরের প্রতিপাদ্য ছিল— “Think Health, Think Pharmacist”।
বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশের স্বাস্থ্যনীতি ও ওষুধশিল্পে ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্যখাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ফার্মাসিস্টদের অবদান অপরিহার্য হবে।

মন্তব্য করুন