২৭ সেপ্টেম্বর ২০২৫:
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষ হয়।
এর আগে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্বনির্ভর, নারায়ণখাইয়া, চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া ও নারিকেল বাগান এলাকায় সংঘর্ষ চলতে থাকে।
এই কারণে বিকেল ৪টার পর অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মাঠে নামে এবং বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় ফাঁকা গুলির শব্দ শোনা যায়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ ও দুজন বিস্ফোরণে আহত হয়েছেন। বাকিরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেলে জখম হয়েছেন।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরান কবীর উদ্দিন বলেন, “পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।”
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, “পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জননিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।

মন্তব্য করুন