ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার
)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক জানান, এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করছি পূজা সুন্দরভাবে সম্পন্ন হবে।”

র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে কাজ করছে। টহল দল, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

তিনি আরও বলেন, কোনো তথ্য এলে যাচাইয়ের সুযোগ দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সত্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব সদর দপ্তর জানায়, সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার থাকবে।

ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের কমান্ডো টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। র‍্যাব জানিয়েছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সব বাহিনী একসঙ্গে কাজ করছে।

Facebook Comments Box