নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ অধিবেশনে ভারতের ভুয়া খবর প্রচার ও আঞ্চলিক সহযোগিতা ব্যাহত করার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “গত বছরের ছাত্র আন্দোলন ভারত পছন্দ করেনি। তাদের গণমাধ্যম ভুয়া খবর প্রচার করেছে, এমনকি আন্দোলনটিকে ইসলামি আন্দোলন হিসেবে উপস্থাপন করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, যিনি তার মতে “সমস্যার সৃষ্টি করেছেন।” এই আশ্রয় দেওয়ার ঘটনাকে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।” তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কোনো ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা’ নেই, অথচ ভারতীয় মিডিয়া বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সার্কের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, “সার্ক এখন কাজ করছে না, কারণ এটি একটি দেশের রাজনৈতিক ইচ্ছার সঙ্গে খাপ খাচ্ছে না।” তিনি আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন।

DBC নিউজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “প্রযুক্তির স্বাধীনতায় ভুল তথ্য ছড়াচ্ছে।”

Facebook Comments Box