নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত মায়ের মরদেহ দাফনে বাধা সৃষ্টি করে। মৃত্যুর ২০ ঘণ্টা পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ৬৫ বছর বয়সী আমেনা বেগম বুধবার সন্ধ্যা ৬টায় বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে তার মরদেহ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহজাদপুরে আনা হয়।

তবে এ সময় দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। তারা মরদেহ দাফনে বাধা দেন। স্থানীয়রা বারবার অনুরোধ করলেও কোনো ফল হয়নি।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে সমঝোতা করান। পরে বৃহস্পতিবার দুপুর ২টায় আমেনা বেগমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় মাওলানা বিল্লাহ জানান, “নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও সমাধান না হওয়ায় এমন অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সমঝোতায় এনেছি এবং মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছি।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সামাজিকভাবে এমন পরিস্থিতি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box