শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত জনসমাবেশে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর বিভাজনের সময় নয়—সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে দুলু দৃঢ়তার সঙ্গে বলেন, “যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছাতে হবে। দলকে গতিশীল করতে হলে ছোট-বড় সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে সক্রিয় হতে হবে।”
তরুণ ভোটারদের প্রসঙ্গে দুলু বলেন, “আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ কখনো ভোট দিতে পারেনি। এবার তারা জীবনের প্রথম ভোট দিতে প্রস্তুত। এই তরুণদের কাছে পৌঁছাতে হবে, তাদের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নেতা বজলুর রহমান। আরও বক্তব্য দেন জেলা আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম এবং সাবেক মেয়র কাজী শাহ আলম।
জনসমাবেশে বক্তারা দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি এবং তরুণ সমাজের সঙ্গে সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন