আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে ব্যাংক কার্ড ব্যবহার করে লেনদেনে নতুন চার্জ কাঠামো চালু হচ্ছে। বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএসে ব্যাংক থেকে টাকা পাঠাতে প্রতি হাজার টাকায় ১ টাকা ৫০ পয়সা চার্জ ধার্য করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) গতকাল সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টার-অপারেবল বা পারস্পরিক সংযুক্ত লেনদেন ব্যবস্থার আওতায় এই চার্জ প্রযোজ্য হবে।

এর আগে এনপিএসবি প্ল্যাটফর্মে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল। এবার সেই পরিধি বাড়িয়ে ব্যাংক থেকে এমএফএস এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মধ্যেও সংযুক্ত করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে,
– ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ১.৫০ টাকা
– এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে লাগবে ৮.৫০ টাকা
– ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে চার্জ হবে ১.৫০ টাকা
– ব্যাংক থেকে পিএসপিতে লেনদেনে চার্জ হবে ২.০০ টাকা

তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি আদায় করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। ব্যাংক, এমএফএস এবং পিএসপি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সীমার মধ্যে এই সেবা পরিচালনা করবে।

Facebook Comments Box