ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ যানবাহন আমদানির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি বাস ও একটি ব্যক্তিগত গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, চলতি অক্টোবর মাসের শুরুতে বুলেটপ্রুফ বাস আমদানির অনুমতি দেওয়া হয়, আর গত জুনে অনুমোদন দেওয়া হয় একটি বুলেটপ্রুফ গাড়ির জন্য। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে জনসংযোগে অংশ নেবেন। এ কারণে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গাড়িগুলোর মডেল ও উৎপাদনকারী দেশ এখনো চূড়ান্ত না হলেও জাপান থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর বলেন, “নির্বাচনের সময় নেতৃবৃন্দ মাঠে থাকবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি প্রয়োজন।”
এদিকে, গাড়ির অনুমতির পাশাপাশি বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করেছে। বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন