গাজীপুরে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। মহানগরীর হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক পথচারীর পা থেঁতলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নেন, ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপরই স্থানীয়রা মহাসড়কে নেমে প্রতিবাদ শুরু করেন এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।

অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে ভোগড়া বাইপাস এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, “সড়ক দুর্ঘটনার জেরে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত গভীর হলেও অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box