ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক উত্তেজনার জেরে বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে উভয় পক্ষ। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেটা-বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আওয়ামী লীগ-বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে থাপ্পর মারেন। বিষয়টি মীমাংসার জন্য বুধবার বিকেলে শালিশ বসে, তবে সমাধান না হওয়ায় রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার পর সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box