নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবর: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১ এর যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি অস্থায়ীভাবে এ দায়িত্ব পালন করবেন বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরুতেই তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নাসিকের প্রশাসক ছিলেন এ এইচ এম কামরুজ্জামান, যিনি সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান।
ড. আব্দুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। এ কারণে তার নিয়োগকে ঘিরে প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের নতুন সচিব লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এবং দুজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা।
তবে প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ভাই একজন যোগ্য সরকারি কর্মকর্তা। জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তার নিজের যোগ্যতাতেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। আমি কোনোভাবেই নিয়োগে প্রভাব খাটাইনি।”
তিনি আরও বলেন, “গত ১৫ মাসে আমি কারও পদোন্নতি বা নিয়োগে প্রভাব বিস্তারের চেষ্টা করিনি। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না।”
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “নছর সাহেবকে প্রেস সচিবের ভাই হিসেবে নয়, প্রশাসনিক প্রয়োজনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় অনেককেই অতিরিক্ত দায়িত্ব দিতে হচ্ছে।”
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, “ড. আব্দুল্লাহ ৩১ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রেস সচিবের ভাই কি না, প্রথমে জানতাম না। পরে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি জানতে পারি।”
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলেও প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
—

মন্তব্য করুন