একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “অনেক গ্রাহকের নামে দীর্ঘদিন ধরে একাধিক সিম নিবন্ধিত রয়েছে, যা অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। তাই সিমের সংখ্যা ১০-এ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গ্রাহকরা নিজের নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে তা জানতে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা লিখে সেন্ড করলে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাবে।

বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিম থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে সিম ব্যবহারে স্বচ্ছতা বাড়বে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সিম ব্যবহারের ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box