ঢাকা, ২ নভেম্বর ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট চুপ্পু যদি জুলাই সনদে স্বাক্ষর করেন, তবে তা হবে সংস্কার প্রক্রিয়ার কফিনে শেষ পেরেক।
রোববার দুপুরে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সেটি বড় সংকট নয়। তবে জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে।”
তিনি অভিযোগ করেন, একদল সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছে, আরেক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল করছে। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলে গণভোট নির্বাচনের দিনেও হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল, যা এনসিপি সমর্থন করে। কিন্তু সরকার বিভিন্ন দলের চাপে টেক্সট পরিবর্তন করেছে। তিনি সতর্ক করেন, “এই ব্যত্যয় হলে আমরা আদেশ সমর্থন করব কি না, তা পুনর্বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তার ছবি সংবিধানে বাধ্যতামূলক করার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খসড়া-১ থেকে সরে এলে এনসিপি সমর্থন নাও করতে পারে।
প্রতীক ইস্যুতেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, নতুন দল হিসেবে সহযোগিতা না করে নির্বাচন কমিশন বাধা তৈরি করছে। তিনি বলেন, “শাপলা কলির প্রতীক আমরা চাই। অথচ এই সিদ্ধান্ত এক মাস আগেই দেওয়া যেত।”
রাজনৈতিক মহলে নাহিদ ইসলামের এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে তার কঠোর অবস্থান আসন্ন রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

মন্তব্য করুন