ঢাকা, ৪ নভেম্বর ২০২৫:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন।

তবে ঘোষিত তালিকায় জায়গা হয়নি দলের অন্তত ১৫ জন হেভিওয়েট নেতার। বাদ পড়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী, এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

এছাড়া তালিকায় নেই ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য সম্পাদক কাদের গনি চৌধুরী।

দলীয় অঙ্গনে এই বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, এদের অনেকেই গত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “এটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত তালিকার আগে আরও কিছু আসনে পরিবর্তন আসতে পারে।”

সূত্র মতে, কয়েকটি আসনে জোটের সমন্বয় এবং নতুন প্রার্থীদের বিষয়ে আলোচনা চলছে। ফলে চূড়ান্ত তালিকায় এই নেতাদের অন্তর্ভুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Facebook Comments Box