অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৫ নভেম্বর ২০২৫) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন তিনি এবং কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। এ আসনটি এখনো বিএনপি খালি রেখেছে এবং কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে রেজা কিবরিয়ার প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
রেজা কিবরিয়া বলেন, “এরই মধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।”
এর আগে তিনি গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান আসন্ন নির্বাচনে দলটির প্রার্থী তালিকায় নতুন মাত্রা যোগ করবে এবং হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে।

মন্তব্য করুন