রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৪ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশন করছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে গেলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসছেন না।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “আইনগতভাবে আমরা যা বলার, তা চিঠির মাধ্যমে জানিয়েছি। এখন তারা চাইলে আপিল করতে পারেন এবং যেসব ঘাটতি রয়েছে, তা পূরণ করে দিতে পারেন।”
তিনি আরও বলেন, “আপিল, সংশোধনী বা সময় বর্ধনের মতো বিষয়গুলো প্রচলিত প্রক্রিয়ার অংশ। আশা করি, তারা অনশন ভেঙে আইনগত পথেই বিষয়টি নিষ্পত্তির দিকে এগোবেন।”
তারেক রহমান কোথায় আপিল করবেন—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আপিল করা যাবে কমিশনে বা সচিবালয়ে। কারণ চিঠিপত্র সচিবালয় থেকেই যায়। সিনিয়র সচিব বা কমিশনের সচিব বরাবর আপিল করা যেতে পারে।”
এদিকে নির্বাচন ভবনের সামনে মাটিতে বিছানো চাদরে স্যালাইন হাতে শুয়ে থাকা তারেক রহমান দুর্বল কণ্ঠে বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে।”
তার আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ—কেউ সংহতি জানাতে, কেউ কৌতূহল থেকে। তারেকের কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, কথা বলতেও কষ্ট হচ্ছে।
উল্লেখ্য, ‘আমজনতার দল’ নিবন্ধনের আবেদন বাতিল হওয়ার পর থেকেই তারেক রহমান আমরণ অনশনে বসেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দিয়েছে। বাদ পড়ে ‘আমজনতার দল’।

মন্তব্য করুন