ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সকাল ১১টায় আদালত বসবে এবং রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন আদালতে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস জানিয়েছে, রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট সেনা সদরে চিঠি দিয়ে সেনা মোতায়েনের অনুরোধ করেছে।
প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনেছে:
– উসকানিমূলক বক্তব্য প্রদান
– হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
– রংপুরে ছাত্র আবু সাঈদকে হত্যা
– রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
– আশুলিয়ায় ছয়জনকে পোড়ানো
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দাবি করেছেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের খালাস আবেদন করেছেন। রাজসাক্ষী মামুনের পক্ষ থেকেও খালাস আবেদন করা হয়েছে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলাটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। পরবর্তীতে আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
আজকের রায়কে কেন্দ্র করে দেশব্যাপী নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আদালত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন