ফেনীর সোনাগাজীতে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরদরবেশ ওয়েস্ট ব্যাংক কলেজ সংলগ্ন বিডিসি ভূঞা খালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত ব্যক্তির নাম মোনোরঞ্জন (৬৫)। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার সংলগ্ন কলাবাগান এলাকার বাসিন্দা। পরিবারে তার দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু সময় আগে তিনি পরিবারের সঙ্গে খাবার খেয়ে যাত্রী নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রতিবেশী মহিন উদ্দিন রুবেল জানান, মাত্র এক সপ্তাহ আগে কিস্তিতে নতুন অটোরিকশা কিনেছিলেন মোনোরঞ্জন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের একটি খালে পাওয়া গেছে। দুই থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে।

মন্তব্য করুন