ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত এই দুই দণ্ডপ্রাপ্ত আসামিকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত সরকারের দায়িত্ব হলো তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।
বাংলাদেশ এর আগেও একাধিকবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। তবে ভারত এসব অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ বারবার চিঠি দিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাওয়া যায়নি।
এই চিঠি প্রকাশের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন