ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা মোট ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়েছে, নানক নিজের নামে, স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখী এবং স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, নানকের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর প্রতিষ্ঠানের নামে থাকা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ বিভিন্ন হিসাবে অর্থ বেহাত করার চেষ্টা চলছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব দ্রুত ফ্রিজ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

মন্তব্য করুন