ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচন কমিশন যে তারিখই নির্ধারণ করুক, আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।”
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।”
অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে, যা বিগত ১৫ বছরে সম্ভব হয়নি।
নির্বাচনের তারিখ ও সময় সম্পর্কে তিনি বলেন, “আশা করি নির্বাচন যথাসময়ে হবে। তবে নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।”
শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিবেশ শান্ত রয়েছে। কেউ পরিস্থিতি বিঘ্ন ঘটাতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।”

মন্তব্য করুন