ঢাকা, ২১ নভেম্বর:
রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে শুক্রবার সকালে ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হয়েছেন। তার মা গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাফিউল ইসলাম মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, তিনি পরিবারসহ কসাইটুলীতে বসবাস করতেন। সকালে মায়ের সঙ্গে বাজার করতে বের হলে হঠাৎ পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে। একটি ইট তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ রেলিং ধসে পথচারীরা চাপা পড়ে মারা যান।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল নরসিংদী। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

মন্তব্য করুন