নরসিংদী, ২১ নভেম্বর:
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদীতে ভূমিকম্পে পৃথক স্থানে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। একই সময়ে জেলার ছয়টি উপজেলায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।
মৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার গাবতলি এলাকার ১২ বছরের শিশু ওমন এবং পলাশ উপজেলার মালিতা গ্রামের ৭৫ বছর বয়সী কাজম আলী। গাবতলিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ওমনের মৃত্যু হয়। কাজম আলীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল নরসিংদী সদর উপজেলার মাধবদী।
ভূমিকম্পে বড় কোনো ভবন ধসের ঘটনা না থাকলেও বহু বাড়িঘরে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে ভবন থেকে নামার সময় নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন কাজম আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থানে আহতের খবর পেয়েছি। আমরা একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাদের নিরাপত্তায় সচেষ্ট।”

মন্তব্য করুন