পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে প্রার্থীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় প্রচারণা চলাকালে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায়। এর আগে একই এলাকায় জামায়াত কর্মীদের ওপর মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার প্রচারণায় গেলে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করেন, “আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি চলাকালে বিএনপির সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। আমার গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।” তবে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার ওসি আ.স.ম আব্দুন নুর বলেন, “আমরা ঘটনাস্থলে আছি, স্পট ছাড়া কিছু বলা সম্ভব নয়।”

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনী প্রচারণায় সহিংসতা বাড়ায় স্থানীয়রা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box