ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার) — সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর আন্তরিক দোয়া প্রয়োজন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে এবং তিনি সালামের উত্তর দিয়েছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর আবারও হাসপাতালে ভর্তি হন। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

মন্তব্য করুন