নোয়াখালীর সোনাপুরে বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা বিআরটিসি ডিপোর ভেতরে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের বাস দুটি সম্পূর্ণ ছাই হয়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি রাত আড়াইটার দিকে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০-১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে ফোম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পোড়া দুটি বাসই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হতো।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান বলেন, “ঘটনাটি স্পষ্ট নাশকতা। অত্যন্ত প্রফেশনাল ও পরিকল্পিতভাবে করা হয়েছে।”

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন তারা। আগুনের সঠিক কারণ তদন্তের পর বলা যাবে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box