চলতি শীত মৌসুমে দেশের ওপর দিয়ে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ সময় তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত তিন মাসের (ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দপ্তরের হিসাবে, এ মৌসুমে মোট ৩ থেকে ৮টি মৃদু (৮-১০° সে.) ও মাঝারি (৬-৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর মধ্যে ২ থেকে ৩টিই হবে তীব্র (৪-৬° সে.) মাত্রার।

শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এ ছাড়া তিন মাসে দেশে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box