কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আগামী রোববার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে যাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে মির্জা ফখরুল জানান, যান্ত্রিক সমস্যার কারণে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে এটি শনিবার দেশে পৌঁছাতে পারে।
বিএনপি মহাসচিব আরও বলেন, “ম্যাডামের (বেগম জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছিল, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিশেষ বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে যাত্রায় বিলম্ব হচ্ছে। ওই দিন রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও একই কথা জানান।
এদিকে, আজ বেলা পৌনে ১১টার পরপরই ঢাকার মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কাছে যাবেন। এরপর কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি আবার যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা করবেন বলে বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ চিকিৎসকসহ মোট ১৮ জন সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাবেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন। দীর্ঘ ১৩ দিন ধরে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এই পরিস্থিতিতে তাঁকে যুক্তরাজ্যে নেওয়াকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন