বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠা ও এর পরবর্তী সব অর্জনের সঙ্গেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবার সরাসরি জড়িত। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে সংগ্রাম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির এই নেতা বলেন, দেশ-বিদেশ নির্বিশেষে দল-মত-পথের ঊর্ধ্বে উঠে অনেকেই আজ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা ও শুভ কামনা করছেন। বহু রাষ্ট্রনায়ক তাঁর আরোগ্যের জন্য দোয়া করছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মজলুম মানুষের জন্য কাজ করার সুযোগ পান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবালের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঞা, নরসিংদী জেলা বিএনপির সদস্য জাকির হোসেন আকন্দ, হারুন অর রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন ও বেলাবো উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেনসহ স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন