রাজধানীর আগারগাঁও এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), তিন ছেলে-মেয়ে—আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), ও মনিরা (১৭), এবং পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ইভা (৬)।

তাদের হাসপাতালে নিয়ে আসা জামাতা আফরান মিয়া গণমাধ্যমকে জানান, জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে থাকেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটলে ঘরের মধ্যে থাকা ছয়জন দগ্ধ হন। পরে খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে আমরা তাদের বার্ন ইউনিটে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শনিবার সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আহতদের বর্তমানে চিকিৎসা চলছে এবং তাদের ড্রেসিং করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে দগ্ধের পরিমাণ বা তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে প্রায়শই গ্যাস লাইনের ত্রুটি বা লিকেজ থেকে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box