টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার (৭ ডিসেম্বর) তার লন্ডন যাওয়ার কথা থাকলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মেডিকেল বোর্ড। দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে তার চিকিৎসা কার্যক্রম।

জানা যায়, ২৩ নভেম্বর ৭৯ বছর বয়সী বেগম জিয়া হাসপাতালে ভর্তি হন। আজ ৭ ডিসেম্বর পর্যন্ত টানা ১৫ দিন ধরে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার এমন দীর্ঘ অচলাবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সর্বসাধারণ।

হাসপাতালের সূত্রমতে, উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার তাকে লন্ডন নেওয়ার সবশেষ তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও বেগম জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এই কারণে মেডিকেল বোর্ড জরুরিভিত্তিতে বিদেশ যাত্রার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এদিকে, গত শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে এসেছেন বেগম জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের টিমের সঙ্গে থেকে সার্বিকভাবে তার শাশুড়ির চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখার জন্য অনেকেই হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাসপাতাল চত্বরে সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের আশু সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে এক দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ অনেকে যোগ দেন।

Facebook Comments Box