নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ব্যতিক্রমী শক্রতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম সোমবার নিশ্চিত করেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ১৪ ডিসেম্বর দিবাগত রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এই জঘন্য ঘটনা ঘটে। আব্দুস সাত্তার তার বসতঘরের পাশেই থাকা গোয়ালঘরে দুটি গরু লালন-পালন করতেন।
কৃষক আব্দুস সাত্তার জানান, রাতে দুটি গরুকে খাবার দেওয়ার পর তিনি ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ফজরের নামাজ শেষে গোয়ালঘরে গিয়ে তিনি দেখেন, তার প্রিয় দুটি গরু জবাই করা অবস্থায় মেঝেতে পড়ে আছে।
এই ঘটনায় কৃষক আব্দুস সাত্তারের প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি বলেন, তার সঙ্গে কারো কোনো শক্রতা নেই। কেন এবং কারা এমন নিষ্ঠুর কাজ করলো, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, পূর্বশক্রতার জেরে দুর্বৃত্তরা প্রথমে চেতনানাশক ইনজেকশন ব্যবহার করে গরু দুটিকে অচেতন করে এবং পরে জবাই করে রেখে যায়। এই ধরনের অস্বাভাবিক ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন